মন্তেস্কু
মঁতেস্কিও | |
|---|---|
অজানা শিল্পীর আঁকা মঁতেস্কিওর প্রতিকৃতি, আনু. ১৭৫৩–১৭৯৪ | |
| জন্ম | ১৮ জানুয়ারি ১৬৮৯ |
| মৃত্যু | ১০ ফেব্রুয়ারি ১৭৫৫ (বয়স ৬৬) পারি, ফরাসিদেশ |
| দাম্পত্য সঙ্গী | জান দ্য লার্তিগ (বি. ১৭১৫) |
| সন্তান | ৩ |
| যুগ | ১৮শ-শতকীয় দর্শন |
| অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
| ধারা | আলোকায়ন ধ্রুপদী উদারনীতিবাদ |
প্রধান আগ্রহ | রাজনৈতিক দর্শন |
উল্লেখযোগ্য অবদান | রাষ্ট্রক্ষমতার পৃথকীকরণ: নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ; সরকারব্যবস্থার নীতিভিত্তিক শ্রেণিবিন্যাস |
| স্বাক্ষর | |
শার্ল লুই দ্য স্যগঁদা, বারোঁ দ্য লা ব্র্যাদ এ দ্য মঁতেস্কিও[ক][খ] (ফরাসি: Charles Louis de Secondat, baron de La Brède et de Montesquieu, উচ্চারণ [ʃaʁl lwi də səɡɔ̃da baʁɔ̃ də la bʁɛd e də mɔ̃tɛskjø]; ১৮ই জানুয়ারি ১৬৮৯ – ১০ই ফেব্রুয়ারি ১৭৫৫), যিনি সাধারণত স্রেফ মঁতেস্কিও নামে পরিচিত, ছিলেন একজন ফরাসি বিচারক, বুদ্ধিজীবী, ইতিহাসবিদ ও রাজনৈতিক দার্শনিক।
তিনি ক্ষমতার পৃথকীকরণের প্রধান তাত্ত্বিক, যা বিশ্বের বহু সংবিধানে বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক পরিভাষায় যথেচ্ছাচারী স্বৈরতন্ত্র শব্দটির স্থায়ী অবস্থান নিশ্চিত করতে অন্য যে কোনো লেখকের তুলনায় তিনি বেশি অবদান রেখেছেন বলেও ধারণা করা হয়।[৩] তাঁর বেনামে প্রকাশিত গ্রন্থ দ্য লেস্প্রি দে লোয়া (আইনের অন্তরাত্মা, ১৭৪৮) প্রথমবার ইংরেজিতে অনূদিত হয় ১৭৫০ সালে এবং গ্রেট ব্রিটেন ও আমেরিকান উপনিবেশ—উভয় স্থানেই এটি সাদরে গৃহীত হয়। এই গ্রন্থটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনকদের দেশটির সংবিধান প্রণয়নে গভীরভাবে প্রভাবিত করেছিল।
জীবনী
[সম্পাদনা]
মঁতেস্কিওর জন্ম দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে অবস্থিত শাতো দ্য লা ব্র্যাদে, যা বর্দো শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণে অবস্থিত।[৪] তাঁর পিতা জাক দ্য স্যগঁদা (১৬৫৪–১৭১৩) ছিলেন একজন সৈনিক, যার বংশগৌরব দীর্ঘদিনের এবং যার মধ্যে রিশার দ্য লা পলের বংশধারা অন্তর্ভুক্ত ছিল—তিনি ছিলেন ইংরেজ রাজমুকুটের ইয়র্কীয় দাবিদার। তাঁর মা মারি ফ্রঁসোয়াজ দ্য পেনেল (১৬৬৫–১৬৯৬), যিনি শার্লের সাত বছর বয়সে মৃত্যুবরণ করেন, ছিলেন একজন উত্তরাধিকারিণী এবং লা ব্র্যাদ ব্যারনির উপাধি স্যগঁদা পরিবারে নিয়ে আসেন।[৫]
তাঁর পরিবার উ্যগনো উৎসের ছিল।[৬][৭] মায়ের মৃত্যুর পর তাঁকে কাথোলিক জুইয়ী কলেজে পাঠানো হয়—ফরাসি অভিজাতদের সন্তানদের জন্য এটি ছিল একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান—যেখানে তিনি ১৭০০ থেকে ১৭১১ সাল পর্যন্ত পড়াশুনো করেন।[৮] ১৭১৩ সালে তাঁর পিতা মৃত্যুবরণ করলে তিনি তাঁর কাকা বারোঁ দ্য মঁতেস্কিওর অভিভাবকত্বে আসেন।[৯] ১৭১৪ সালে তিনি বর্দোর পার্লমঁর পরামর্শক নিযুক্ত হন। তিনি প্রটেস্ট্যান্টবাদের প্রতি ঝোঁক প্রদর্শন করেছিলেন।[১০][১১]
১৭১৫ সালে তিনি প্রটেস্ট্যান্ট মতাবলম্বী নারী জান দ্য লার্তিগকে বিয়ে করেন, যাঁর গর্ভে তাঁর তিনটি সন্তান হয়।[১২] ১৭১৬ সালে ব্যারনের মৃত্যু হলে তিনি তাঁর সম্পত্তি, উপাধি এবং বর্দো পার্লমঁতে প্রেজিদঁত আ মর্তিয়ে পদ লাভ করেন,[১৩] যে পদে তিনি বারো বছর দায়িত্ব পালন করেন।
মঁতেস্কিওর শৈশব ও যৌবনকাল ছিল রাষ্ট্রীয় রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সময়। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের (১৬৮৮–১৬৮৯) পর দেশটি নিজেকে সাংবিধানিক রাজতন্ত্র ঘোষণা করে এবং ১৭০৭ সালের ইউনিয়ন অ্যাক্টের মাধ্যমে স্কটল্যান্ডের সঙ্গে একীভূত হয়ে গ্রেট ব্রিটেন রাজ্য গঠন করে। ফ্রান্সে দীর্ঘদিন শাসনকারী চতুর্দশ লুই ১৭১৫ সালে মৃত্যুবরণ করেন এবং তাঁর স্থলাভিষিক্ত হন পাঁচ বছর বয়সী পঞ্চদশ লুই। এই জাতীয় পরিবর্তনসমূহ মঁতেস্কিওর চিন্তায় গভীর প্রভাব ফেলে এবং তিনি তাঁর রচনায় বারবার এদের উল্লেখ করেন।

পরবর্তীতে মঁতেস্কিও আইনচর্চা থেকে সরে এসে অধ্যয়ন ও লেখালিখিতে আত্মনিয়োগ করেন। ১৭২১ সালে প্রকাশিত তাঁর পারসিক চিঠি (ফরাসি: Lettres persanes) গ্রন্থের মাধ্যমে তিনি সাহিত্যিক সাফল্য অর্জন করেন। এটি ছিল একটি ব্যঙ্গাত্মক রচনা, যেখানে প্যারিসে আগত দুজন পারসিক পর্যটকের দৃষ্টিতে সমকালীন ফরাসি সমাজের অসংগতিগুলোকে চতুরভাবে সমালোচনা করা হয়। গ্রন্থটি অবিলম্বে ক্লাসিক হিসেবে স্বীকৃত হয় এবং দ্রুতই পাইরেট সংস্করণে ছড়িয়ে পড়ে।
১৭২২ সালে তিনি প্যারিসে যান এবং বারউইকের ডিউকসহ বন্ধুদের সহায়তায় অভিজাত সামাজিক পরিমণ্ডলে প্রবেশ করেন। তিনি ইংরেজ রাজনীতিবিদ ভিসকাউন্ট বোলিংব্রুকের সঙ্গেও পরিচিত হন, যার কিছু রাজনৈতিক ধারণা পরবর্তীতে ইংরেজ সংবিধান বিষয়ে মঁতেস্কিওর বিশ্লেষণে প্রতিফলিত হয়। ১৭২৬ সালে তিনি পার্লমঁতে নিজের পদ বিক্রি করে দেন এবং প্যারিসমুখী হন। কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও ১৭২৮ সালের জানুয়ারিতে তিনি আকাদেমি ফ্রঁসেজের সদস্য নির্বাচিত হন।
১৭২৮ সালের এপ্রিল মাসে বারউইকের ভাতিজা লর্ড ওয়াল্ডেগ্রেভকে সফরসঙ্গী করে তিনি ইউরোপে একটি গ্র্যান্ড ট্যুর শুরু করেন এবং সে সময় একটি ভ্রমণ-ডায়েরি রক্ষা করেন। তাঁর ভ্রমণ অন্তর্ভুক্ত ছিল অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, জার্মানিতে সংক্ষিপ্ত সফর এবং ইতালিতে এক বছর অবস্থান। ১৭২৯ সালের অক্টোবরের শেষ দিকে তিনি লর্ড চেস্টারফিল্ডের সঙ্গে ইংল্যান্ডে যান, যেখানে ওয়েস্টমিনস্টারের হর্ন ট্যাভার্ন লজে তিনি ফ্রিম্যাসনরিতে দীক্ষিত হন।[১৪] ১৭৩১ সালের বসন্ত পর্যন্ত তিনি ইংল্যান্ডে অবস্থান করেন এবং পরে লা ব্র্যাদে ফিরে আসেন। বাহ্যিকভাবে তিনি এক জমিদারের মতো স্থিত জীবনযাপন শুরু করেন—নিজের উদ্যান ইংরেজ রীতিতে সাজান, বংশতালিকা অনুসন্ধান করেন এবং সামন্ত অধিকার দাবি করেন। কিন্তু অন্তরালে তিনি নিরন্তর অধ্যয়ন চালিয়ে যান; তাঁর ব্যক্তিগত গ্রন্থাগারে প্রায় ৩০০০ খণ্ড ঐতিহাসিক বই ছিল। ভৌগোলিক পরিবেশ, আইন ও প্রথা নিয়ে তাঁর পর্যবেক্ষণ এবং ভ্রমণ থেকে অর্জিত অভিজ্ঞতাগুলোই এ সময় তাঁর রাজনৈতিক দর্শনের প্রধান রচনাগুলোর মূল উৎস হয়ে ওঠে—বিশেষত তাঁর মহাগ্রন্থ দে লেস্প্রি দে লোয়া।[১৫]
১৭৩৪ সালে তিনি তাঁর সর্বাধিক পরিচিত তিনটি গ্রন্থের একটি রোমকদের শ্রেষ্ঠত্ব ও তাদের পতনের কারণ সংক্রান্ত বিবেচনা প্রকাশ করেন। ১৭৪৮ সালে তিনি আইনের অন্তরাত্মা প্রকাশ করেন, যা দ্রুত ইংরেজিতে অনূদিত হয় এবং ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। ফ্রান্সে গ্রন্থটি অনেকের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পেলেও সরবন বিশ্ববিদ্যালয় ও ১৭৫১ সালে কাথোলিক মণ্ডলী (ইন্দেক্স লিব্রোরুম প্রোহিবিতোরুম, নিষিদ্ধ গ্রন্থসূচি) একে নিন্দা করে। তবে ইউরোপের অন্যান্য অংশে, বিশেষ করে ব্রিটেনে, এটি সর্বোচ্চ প্রশংসা লাভ করে।

মঁতেস্কিও উত্তর আমেরিকার উপনিবেশগুলোতে স্বাধীনতার এক প্রবক্তা হিসেবে অত্যন্ত সম্মানিত ছিলেন। রাজনৈতিক বিজ্ঞানী ডোনাল্ড লুটজের এক সমীক্ষা অনুযায়ী, অষ্টাদশ শতাব্দীর শেষভাগে উপনিবেশিক প্রাক-বিপ্লবী ব্রিটিশ আমেরিকায় সরকার ও রাজনীতি বিষয়ে মঁতেস্কিওই ছিলেন সর্বাধিক উদ্ধৃত চিন্তাবিদ—বাইবেল ব্যতীত অন্য যে কোনো উৎসের চেয়ে তাঁকে বেশি উদ্ধৃত করা হয়েছে।[১৬] মার্কিন বিপ্লবের পরও তাঁর রচনা বহু প্রতিষ্ঠাতা নেতার পর গভীর প্রভাব বিস্তার করে, বিশেষত ভার্জিনিয়ার জেমস ম্যাডিসন—যিনি মার্কিন সংবিধানের জনক নামে পরিচিত। মঁতেস্কিওর এই দর্শন যে “সরকার এমনভাবে গঠিত হওয়া উচিত যাতে কোনো মানুষকে অন্য মানুষের ভয় না করতে হয়”[১৭]—এই ধারণা ম্যাডিসনসহ অন্যান্যদের স্মরণ করিয়ে দেয় যে নতুন রাষ্ট্রের জন্য একটি স্বাধীন ও স্থিতিশীল ভিত্তি গড়ে তুলতে ক্ষমতার সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ বিভাজন অপরিহার্য।
মঁতেস্কিও ছানিতে আক্রান্ত ছিলেন এবং দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ভুগছিলেন। ১৭৫৪ সালের শেষদিকে তিনি প্যারিসে যান এবং অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। ১৭৫৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁকে প্যারিসের স্যাঁ-স্যুল্পিস গির্জায় দাফন করা হয়।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
- ↑ ইউএস: /ˈmɒntəskjuː/,[১] ইউকে: /ˌmɒntɛˈskjɜː/;[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Montesquieu" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ নভেম্বর ২০১৪ তারিখে. Random House Webster's Unabridged Dictionary.
- ↑ Wells, John C. (২০০৮)। Longman Pronunciation Dictionary (3তম সংস্করণ)। Longman। আইএসবিএন ৯৭৮-১-৪০৫৮-৮১১৮-০।
- ↑ Boesche 1990, পৃ. 1.
- ↑ "Bordeaux · France"। Bordeaux · France।
- ↑ Sorel, A. Montesquieu. London, George Routledge & Sons, 1887 (Ulan Press reprint, 2011), p. 10. এএসআইএন B00A5TMPHC
- ↑ Enlightenment Contested: Philosophy, Modernity, and the Emancipation of Man 1670–1752। OUP Oxford। ২০০৬। আইএসবিএন ৯৭৮-০১৯৯২৭৯২২৭।
- ↑ Agreeable Connexions: Scottish Enlightenment Links with France। Casemate Publishers। ২০১২। আইএসবিএন ৯৭৮-১৯০৭৯০৯০৮৫।
- ↑ Sorel (1887), p. 11.
- ↑ Sorel (1887), p. 12.
- ↑ Montesquieu's Liberalism and the Problem of Universal Politics। Cambridge University Press। ২০১৮। আইএসবিএন ৯৭৮-১১০৮৫৫২৬৯১।
- ↑ Civil Religion: A Dialogue in the History of Political Philosophy। Cambridge University Press। ২০১০। আইএসবিএন ৯৭৮-১১৩৯৪৯২৬১৪।
- ↑ Sorel (1887), pp. 11–12.
- ↑ Sorel (1887), pp. 12–13.
- ↑ Berman 2012, পৃ. 150
- ↑ Li, Hansong (২৫ সেপ্টেম্বর ২০১৮)। "The space of the sea in Montesquieu's political thought"। Global Intellectual History। ৬ (4): ৪২১–৪৪২। ডিওআই:10.1080/23801883.2018.1527184। এস২সিআইডি 158285235।
- ↑ Lutz 1984.
- ↑ Montesquieu, The Spirit of Law, Book 11, Chapter 6, "On the English Constitution." ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে Electronic Text Center, University of Virginia Library, Retrieved 1 August 2012